খুঁজুন
advertisement
advertisement
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ২৭ কার্তিক, ১৪৩৩

নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রোলবোমার প্রমাণ মেলেনি: স্বরাষ্ট্রমন্ত্রী

বার্তা বিভাগ
প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৬, ৬:৩১ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রোলবোমার প্রমাণ মেলেনি: স্বরাষ্ট্রমন্ত্রী

ছবির ক্যাপশন

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় পেট্রোলবোমা ব্যবহারের কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। প্রাথমিক তদন্তে বাড়িটির পুরোনো বৈদ্যুতিক সংযোগ থেকে শর্টসার্কিটের কারণে আগুন লাগার সম্ভাবনা বেশি বলে মনে করা হচ্ছে। তবে ঘটনাটি নাশকতা কি না, তা খতিয়ে দেখতে যৌথ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে এক সম্পূরক প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, গত বুধবার রাত ১২টা ২০ মিনিটের দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান গ্রামে সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে আগুন লাগে। সীমান্ত থেকে প্রায় ৭ দশমিক ৪ কিলোমিটার দূরে অবস্থিত বাড়িটি একটি টিনশেড আধাপাকা ঘর। বাড়িটির প্রায় ২০ মিটার দূরে তাঁর বাবা-মা একটি তিনতলা বাড়িতে বসবাস করেন। অগ্নিকাণ্ডের সময় ওই বাড়িতে কেউ ছিলেন না। সেখানে দুটি ছাগলসহ কিছু জিনিসপত্র ছিল।

ঘটনার পর পুলিশ, বিজিবি ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। মন্ত্রী বলেন, ‘সরেজমিনে ঘটনা পরিদর্শন করা হয়েছে। অ্যাডিশনাল এসপি গিয়েছেন, থানার ওসি গিয়েছেন। আজ সকালে আমি নিজে কথা বলে এসপিকেও পাঠিয়েছি। বিজিবির টিমও সেখানে গিয়েছে, যেহেতু সীমান্তের কাছাকাছি।’

তিনি আরও বলেন, ফায়ার সার্ভিসের জরুরি সেবা ৯৯৯-এ খবর পাওয়ার পর পার্শ্ববর্তী থানা থেকে দ্রুত ফায়ার সার্ভিসের গাড়ি পাঠানো হয় এবং আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

ঘটনাটি পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে, নাকি দুর্ঘটনাবশত আগুন লেগেছে, তা তদন্তে যৌথ টিম গঠনের নির্দেশ দেওয়া হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এখানে যে কথাগুলো আসছে, আগুন লাগানো হয়েছে নাকি আগুন লেগেছে, এটা তদন্ত করতে আমি অলরেডি যৌথ টিমকে নির্দেশ দিয়েছি। এখানে বিজিবি থাকবে, ফায়ার ব্রিগেড থাকবে এবং সিভিল প্রশাসন ও পুলিশ প্রশাসন থাকবে।’

বিজিবির প্রাথমিক তদন্তের তথ্য তুলে ধরে তিনি বলেন, ‘পেট্রোলবোমা বিস্ফোরণের মতো কোনো শব্দ পাওয়া যায়নি। বাড়ির দেয়ালে পেট্রোলবোমার কোনো চিহ্ন পাওয়া যায়নি। এ ছাড়া কোনো সাক্ষীর কাছ থেকেও পেট্রোলবোমার কোনো তথ্য পাওয়া যায়নি। মোটামুটিভাবে এখনো ধারণা করা হচ্ছে, এখানে পেট্রোলবোমাও ব্যবহৃত হয়নি।’

অগ্নিকাণ্ডে বাড়িতে থাকা দুটি ছাগল মারা গেছে জানিয়ে মন্ত্রী বলেন, সেখানে কেয়ারটেকারের কিছু জুতা তৈরির সরঞ্জাম ও কাপড়চোপড় ছিল। ঘটনাস্থল থেকে ছবি, ভিডিওসহ বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে।

প্রাথমিক তদন্তে বৈদ্যুতিক শর্টসার্কিটের সম্ভাবনা বেশি বলে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রাথমিকভাবে যেটা দেখা যায়, তাতে দেখা যাচ্ছে পুরোনো বাড়ি হওয়ায় এখানে ইলেকট্রিক ওয়্যারিংয়ের দুর্বলতা ছিল। একটা ছবিতে দেখা যাচ্ছে, এটা অনেকটা শর্টসার্কিটের মতো ঘটনা হতেও পারে। সবকিছুই অনুমাননির্ভর। তদন্ত সাপেক্ষে পূর্ণাঙ্গ বক্তব্য দেওয়া যাবে।’

তিনি আরও বলেন, ‘এখানে কেউ যদি নাশকতামূলক কোনো কর্মকাণ্ড করে থাকে, সেটা অধিকতর তদন্তের মাধ্যমে প্রকাশ হলে আমরা সেভাবে ব্যবস্থা নেব।’

এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, জিডির ভিত্তিতে পুলিশ তদন্ত করছে। প্রাথমিকভাবে পুরোনো বৈদ্যুতিক সংযোগের ত্রুটি থেকে শর্টসার্কিটের কারণে আগুন লাগার সম্ভাবনাই বেশি বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, বুধবার রাতে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে সংরক্ষিত সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এরপর পেট্রোলবোমা হামলার অভিযোগ করেন এনসিপির নেতারা।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

পাইকগাছায় থানা পুলিশের অভিযানে আটক- ২

বার্তা বিভাগ
প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৬, ৭:০২ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
পাইকগাছায় থানা পুলিশের অভিযানে আটক- ২

ছবি পাইকগাছা (খুলনা) সংবাদদাতা

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা

খুলনার পাইকগাছায় পৃথক অভিযানে নাশকতা ও অপহরণ মামলায় দুই ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ। বুধবার রাতে উপজেলার কপিলমুনি বাজার ও কয়রা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। বৃহস্পতিবার তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাতে কপিলমুনি বাজার থেকে পঙ্কজ কর্মকারকে আটক করে পুলিশ। তিনি উপজেলার উত্তর সলুয়া গ্রামের মৃত গোষ্ট কর্মকারের ছেলে। কপিলমুনি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. হাসানুজ্জামানের নেতৃত্বে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। পরে তাঁকে পাইকগাছা থানায় হস্তান্তর করা হয়। পুলিশ জানায়, পঙ্কজ কর্মকারকে থানার ২৪ সালের ১১ নম্বর মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে আটক করা হয়েছে।

অন্যদিকে, অপহরণ মামলায় কয়রা উপজেলার পাটনিখালি গ্রামের মঞ্জু মোল্লার ছেলে বায়োজিত মোল্লাকে কয়রা থানা-পুলিশের সহায়তায় আটক করা হয়। থানার মামলা নং- ৭/১১।

পাইকগাছা থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) আব্দুল আজিজ বিষয়টি নিশ্চিত করে জানান, আটক দুই আসামিকে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয়েছে

পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে বাউবির ৫৯ শিক্ষার্থী ও ২ শিক্ষককে বিভিন্ন মেয়াদে শাস্তি

বার্তা বিভাগ
প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৬, ৬:৫২ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে বাউবির ৫৯ শিক্ষার্থী ও ২ শিক্ষককে বিভিন্ন মেয়াদে শাস্তি

ছবি বাউবি

যোগফল প্রতিবেদন ।। অনলাইন

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ২০২৬ সালের এইচএসসি পরীক্ষাসহ বিভিন্ন প্রোগ্রামের পরীক্ষায় শৃঙ্খলা ভঙ্গ ও অসদুপায় অবলম্বনের দায়ে ৫৯ জন শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধিবিধান অনুযায়ী বিভিন্ন মেয়াদে শাস্তি প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে পরীক্ষা-সংক্রান্ত দায়িত্ব পালনে অবহেলার দায়ে দুইজন শিক্ষকের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়েছে।

আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) সকাল ১১টায় গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে উপাচার্যের কার্যালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির ৫৬তম সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান।

বাউবি কর্তৃপক্ষ নকলমুক্ত, সুশৃঙ্খল ও স্বচ্ছ পরিবেশে পরীক্ষা গ্রহণে বদ্ধপরিকর। সভায় কমিটির সদস্য হিসেবে উপস্থিত ছিলেন প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আনিসুর রহমান, প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোঃ সিরাজুল ইসলাম, বিভিন্ন স্কুলের ডিনবৃন্দ, এ্যাডভোকেট মোঃ কামাল হোসেন তালুকদার এবং কমিটির সদস্য-সচিব ও পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মো. হাবিবুল্যাহ মাহামুদ।

নতুন এসআরও মানছে না কৃষি মন্ত্রণালয়, কীটনাশক উৎপাদনকারীদের ভোগান্তি

বার্তা বিভাগ
প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৬, ৬:৪৮ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
নতুন এসআরও মানছে না কৃষি মন্ত্রণালয়, কীটনাশক উৎপাদনকারীদের ভোগান্তি

ছবির ক্যাপশন

নিজস্ব প্রতিবেদক:

দেশে কীটনাশক উৎপাদন বাড়িয়ে আমদানিনির্ভরতা কমাতে চায় সরকার। এ লক্ষ্যে দেশীয় উৎপাদনকারী শিল্পকে সহযোগিতা বাড়ানো হচ্ছে। তবে কীটনাশকের কাঁচামাল আমদানি ও বন্দর থেকে পণ্য খালাসে হয়রানি কমাতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জারি করা নতুন এসআরও বাস্তবায়ন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন উৎপাদনকারীরা।

উৎপাদনকারীদের অভিযোগ, অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী এনবিআর নতুন এসআরও জারি করলেও কৃষি মন্ত্রণালয় ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তা অনুসরণ করছে না। ফলে আগের নিয়মেই প্রতিবার কাঁচামাল খালাসের জন্য অনাপত্তিপত্র (এনওসি) নিতে হচ্ছে। এতে সময় ও অর্থ দুটোই অপচয় হচ্ছে। একই সঙ্গে হয়রানির শিকার হচ্ছেন দেশীয় উদ্যোক্তারা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বালাইনাশক উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর কাঁচামাল চট্টগ্রাম বন্দরে পৌঁছালে প্রতিটি চালানের জন্য কৃষি মন্ত্রণালয়ের অনাপত্তিপত্র নিতে হয়। এ জন্য প্রথমে খামারবাড়ির কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে আবেদন করতে হয়। পরে আবেদনটি কৃষি মন্ত্রণালয়ের অনুমোদন শেষে আবার অধিদপ্তরে পাঠানো হয়। এরপর তদন্ত কমিটি গঠন করে কারখানা পরিদর্শনের মাধ্যমে প্রতিবেদন দেওয়া হয়।

বাংলাদেশ এগ্রোকেমিক্যাল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের (বামা) সভাপতি কৃষিবিদ কেএসএম মোস্তাফিজুর রহমান বলেন, উৎপাদনকারী প্রতিষ্ঠানের লাইসেন্স দেওয়ার সময়ই প্রয়োজনীয় শর্ত যাচাই করা হয়। এরপরও প্রতিবার কাঁচামাল আমদানির পর কারখানা পরিদর্শন করে প্রতিষ্ঠানটি উৎপাদনকারী কি না, তা যাচাই করার যৌক্তিকতা নেই।

তিনি বলেন, কারখানা পরিদর্শনে তাদের কোনো আপত্তি নেই। তবে প্রতিবার কাঁচামাল খালাসের সময় অনাপত্তিপত্র নেওয়া এবং তদন্তের নামে হয়রানি গ্রহণযোগ্য নয়। এ বিষয়ে বর্তমান অর্থমন্ত্রীর সঙ্গে আলোচনা করা হলে তিনি প্রতিবার অনাপত্তিপত্র নেওয়ার বিধান তুলে দেওয়ার নির্দেশ দেন। কিন্তু সেই নির্দেশনা বাস্তবায়ন হচ্ছে না।

জানা গেছে, কৃষি মন্ত্রণালয়ের আগের এসআরও নম্বর ১৯৯-আইন/২০২৫/২১/কাস্টমসের পরিবর্তে নতুন করে ১৫৬-আইন/২০২৬/কাস্টমস নম্বরে এসআরও জারি করেছে এনবিআর। নতুন বিধান অনুযায়ী, আমদানিকারক কার কাছ থেকে এবং কত তারিখে পণ্য এনেছেন, তা প্রতিবার যাচাই করার প্রয়োজন নেই। নির্ধারিত প্রত্যয়নপত্র দেখিয়েই বারবার কাঁচামাল খালাস করা যাবে। অর্থাৎ প্রতিটি চালানের জন্য নতুন করে অনাপত্তিপত্র নেওয়ার বাধ্যবাধকতা থাকছে না।

তবে নতুন এসআরও জারির পরও কৃষি মন্ত্রণালয় ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আগের নিয়মে কার্যক্রম পরিচালনা করছে বলে অভিযোগ করেছেন উৎপাদনকারীরা। তাদের দাবি, এতে রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা নতুন এসআরও কার্যত উপেক্ষিত হচ্ছে।

কেএসএম মোস্তাফিজুর রহমান বলেন, বিষয়টি সমাধানের জন্য কৃষি মন্ত্রণালয়ে একাধিকবার আবেদন করা হয়েছে। কিন্তু মন্ত্রণালয় এখনো কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। বরং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সঙ্গে আলোচনা করতে বলা হচ্ছে। ফলে নতুন এসআরওর সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন দেশীয় শিল্প উদ্যোক্তারা।

তিনি আরও বলেন, আগের নিয়মে কার্যক্রম পরিচালনার কারণে সময় ও অর্থের অপচয় হচ্ছে। উৎপাদনকারীদের পদে পদে বাধার মুখে পড়তে হচ্ছে। অথচ কীটনাশকের আমদানির বিকল্প হিসেবে দেশেই উৎপাদন কার্যক্রম চালানো হচ্ছে, যা সরকারও উৎসাহিত করতে চায়।

বামা সভাপতি অভিযোগ করেন, সরাসরি কীটনাশক আমদানিকারকদের ক্ষেত্রে এ ধরনের বাধ্যবাধকতা নেই। কিন্তু দেশীয় উৎপাদনকারীদের প্রতিবার কাঁচামাল আমদানির সময় নানা প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হচ্ছে। এতে স্থানীয় উৎপাদন শিল্প নিরুৎসাহিত হচ্ছে। বিষয়টি জাতীয় রাজস্ব বোর্ড ও অর্থ মন্ত্রণালয়কে জানানো হয়েছে। অর্থমন্ত্রীর সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন তারা।

এ বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্ভিদ সংরক্ষণ উইংয়ের ভারপ্রাপ্ত পরিচালক কৃষিবিদ ড. এনায়েত-ই রাব্বি বলেন, তারা সাধারণত কৃষি মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী কাজ করেন। নতুন এসআরও অনুসরণ করে ছাড়পত্র দেওয়ার বিষয়ে এখনো মন্ত্রণালয় থেকে কোনো নির্দেশনা পাওয়া যায়নি। নির্দেশনা পেলেই নতুন এসআরও অনুযায়ী কার্যক্রম পরিচালনা করা হবে।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম